ইরানের ওপর সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশংকার মধ্যেই এক চাঞ্চল্যকর ঘোষণা সামনে এসেছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের আধা-সামরিক বাহিনী (যারা 'কাদিরভতসি' নামে পরিচিত) জানিয়েছে যে, তারা মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীকে সরাসরি সহায়তা করতে প্রস্তুত। খবর এনডিটিভির।
কারা এই চেচেন যোদ্ধা?
চেচেন যোদ্ধারা রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি শক্তিশালী আধা-সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুগত নেতা রমজান কাদিরভের নেতৃত্বে তারা পরিচালিত হয়। তারা মূলত গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাসদমন অভিযানে পারদর্শী। এর আগে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে তারা রাশিয়ার পক্ষে অংশ নিয়েছে।
প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী, চেচেন যোদ্ধারা এই লড়াইকে একটি 'ধর্মীয় যুদ্ধ' বা 'জিহাদ' হিসেবে দেখছেন। তাদের মতে, এটি ইসলামী বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি নৈতিক লড়াই।
ইরানের সশস্ত্র বাহিনীর 'খাতাম আল-আনবিয়া' সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি রাষ্ট্রীয় গণমাধ্যমে মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, যদি কোনো বিদেশি শক্তি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে আমাদের বাহিনী তাদের পা কেটে দেবে।
তিনি আরও দাবি করেন যে, মার্কিন হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি এবং তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এখনো অক্ষত ও গোপন রয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে স্থল সৈন্য পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতেই চেচেন নেতা রমজান কাদিরভপন্থি বাহিনী ইরানের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছে।


